গত ৩ সেপ্টেম্বর মাঠে খেলতে এসে ঝিলে ফুটবল কুড়োতে গিয়ে তলিয়ে মৃত্যু হয়েছিল মহিষাদালের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ছাত্র রোহন মাইতির (১৫)। ঘটনার পর শনিবার মৃত ছাত্রের পরিবারের পক্ষ থেকে দাবি করা হল, রোহনের মৃত্য…
গত ৩ সেপ্টেম্বর মাঠে খেলতে এসে ঝিলে ফুটবল কুড়োতে গিয়ে তলিয়ে মৃত্যু হয়েছিল মহিষাদালের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ছাত্র রোহন মাইতির (১৫)। ঘটনার পর শনিবার মৃত ছাত্রের পরিবারের পক্ষ থেকে দাবি করা হল, রোহনের মৃত্যু স্বাভাবিক নয়, এর পিছনে রয়েছে অস্বাভাবিকতার বিষয়। স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলেও অভিযোগ পরিবারের।
পরিবারের অভিযোগ, মাঠে ছাত্রদের নিরাপত্তা ও নজরদারির ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের যথেষ্ট ব্যবস্থা ছিল না। সেই গাফিলতির জেরেই রোহনের মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত কারণ সামনে আনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।
ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে মহিষাদল থানায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার পরিবারের সদস্যরা স্থানীয় বিধায়ক সুভাষচন্দ্র পাঁজার সঙ্গে থানায় যান। বিধায়ক পরিবারের অভিযোগ শোনেন এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। পাশাপাশি পরিবারের সদস্যদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করানোরও আশ্বাস দিয়েছেন তিনি।
রোহনের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে প্রকৃত ঘটনা কীভাবে সামনে আসে, এখন সেদিকেই তাকিয়ে পরিবার ও স্থানীয়রা।


No comments